কুষ্টিয়ার খোকসায় বিএনপির এক নেতার ওপর সশস্ত্র হামলা, গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন রাজু। বাড়ির মূল ফটকের সামনে পৌঁছালে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পরিচয় নিশ্চিত হওয়ার পরপরই অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র ও ভারী বস্তু দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার পায়ের নিচের অংশসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। রাজুর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে একাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিজ আহমেদ খান রাজু দাবি করেন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখে তিনি তাদের পরিচয় জানতে চান। তখন তারা উল্টো তার পরিচয় নিশ্চিত করে ধারালো অস্ত্র ও লোহার হাতুড়ি নিয়ে হামলা চালায়। পরে স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

