বাংলাদেশের দর্শকদের কাছে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল এখনও ছবিটিকে নিজের অভিনয়জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখেন। তার ভাষায়, এই সিনেমাই তাকে নতুন পরিচয় দিয়েছে এবং ক্যারিয়ারে এনে দিয়েছে বিশেষ স্বীকৃতি।
পরিচালক হিমেল আশরাফ নির্মিত আলোচিত ‘প্রিয়তমা’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান ইধিকা। এরপর দুই বাংলার একাধিক চলচ্চিত্রে কাজ করলেও ‘প্রিয়তমা’র প্রতি তার আবেগ ও কৃতজ্ঞতা এতটুকুও কমেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা জানান, বাংলাদেশের মাটিতে প্রথম পা রাখার অভিজ্ঞতা এখনও তার কাছে খুবই স্মরণীয়। ঢাকায় পৌঁছেই তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ঘুরে দেখেন। পরে হাতিরঝিলে সময় কাটানো এবং একটি কফিশপে বসে কফি পান করার মুহূর্তগুলোও তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।
অভিনেত্রী জানান, এরপর ভার্সেটাইল মিডিয়ার কার্যালয়ে কিছু সময় কাটানোর পর শুরু হয় ‘প্রিয়তমা’র শুটিং। এটি ছিল শাকিব খানের সঙ্গে তার প্রথম কাজ। শুটিং শেষ করে তিনি কলকাতায় ফিরে গেলেও সিনেমাটি মুক্তির পর দর্শকদের অভূতপূর্ব সাড়া তাকে নতুনভাবে অনুপ্রাণিত করে।
ইধিকা আরও বলেন, সিনেমাটি মুক্তির পর মাকে সঙ্গে নিয়ে ঢাকায় এসে বসুন্ধরা সিনেপ্লেক্সে সাধারণ দর্শকদের সঙ্গে বসেই ‘প্রিয়তমা’ উপভোগ করেছিলেন। মুখে মাস্ক থাকলেও সিনেমা শেষে দর্শকরা তাকে চিনে ফেলেন। সেই মুহূর্তে যে ভালোবাসা তিনি পেয়েছিলেন, তা আজও তার কাছে অবিস্মরণীয়।
অভিনেত্রীর মতে, ‘প্রিয়তমা’ শুধু একটি সফল সিনেমা নয়, বরং তার জীবনের বড় একটি আশীর্বাদ। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্রে এমন শক্তিশালী গল্পনির্ভর চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে আবারও এমন সুযোগ পাবেন কি না, তা সময়ই বলে দেবে।

