ইরানের সঙ্গে সমঝোতাই অগ্রাধিকার, যুদ্ধ নয়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | Snews24
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোই তাঁর প্রধান লক্ষ্য। তিনি স্পষ্ট করে জানান, যুদ্ধ করে প্রাণহানি ঘটানোর চেয়ে কূটনৈতিক সমাধানই বেশি কার্যকর।
লাস ভেগাসে এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে এমন একটি চুক্তি চান, যাতে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি হয়। তাঁর ভাষায়, মানুষের জীবন রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। আলোচনা সফল হলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানকে ঘিরে আলোচনা সহজ নয় এবং এতে সময় লাগবে। তবে শেষ পর্যন্ত উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
ভ্যান্স বলেন, সম্ভাব্য সমঝোতা যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর ধারণা, ভবিষ্যতে তেলের দাম কমার সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। এ লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র প্রয়োজনে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক—সব ধরনের বিকল্প বিবেচনায় রাখবে।
তবে ভাইস প্রেসিডেন্ট স্বীকার করেন, আলোচনা এখনো চলমান। তাই চূড়ান্ত ফলাফল নিয়ে এই মুহূর্তে নিশ্চিত কোনো মন্তব্য করা ঠিক হবে না।
সূত্র: আল-জাজিরা

